মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ বলরাম রবিদাস (২৪), আল ফিকাহ (৪২) এবং তাপস তৈলি (১৯) নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টায় এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমা ভ্যালি এলাকার কুঁড়েঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে ৫টি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এর পাশাপাশি মাদক চোরাচালানে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আটককৃত তিনজনই হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার বাসিন্দা। তারা চুনারুঘাটের ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করেন। এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তা বার্তা / আরআর




