মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে সদর থানা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কাইয়ুম (২৬) এবং মো. কাশেম মিয়া (২৯) নামে দুইজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় রাজনগর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়কে তল্লাশি করে তাদের হেফাজত থেকে দুটি পলিব্যাগের ভেতর থেকে ২০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মৌলভীবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত দুইজন জুড়ী উপজেলার ফুলতলা এলাকার ভারতীয় সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




