নিজস্ব প্রতিনিধি
জগন্নাথপুরের কাটাগাঙের সেতু ভাঙার এক সপ্তাহ পর পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি-ঢাকা মহাসড়কে সরাসরি যান চলাচল শুরু হয়েছে।
২৯ আগস্ট, মঙ্গলবার দুপুর থেকে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার যাত্রীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছেন।
এদিকে অর্থ ও সময় সাশ্রয়ী যাতায়াতের এই সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েন সুনামগঞ্জ জেলার যাত্রীরা। জগন্নাথপুর উপজেলা সদরে যোগাযোগ রক্ষা করতে গিয়ে দুর্ভোগে পড়েন উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের জনসাধারণ। যাত্রীরা গত এক সপ্তাহ ধরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ও অতিরিক্ত ভাড়া গুনে খেয়ার মাধ্যমে কাঁটাগাঙের সেতুর অংশ পারাপার হয়ে যাতায়াত করেন।
সড়ক ও জনপথ বিভাগ (সুনামগঞ্জ) এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক জানান, কাঁটাগাঙের ভেঙে যাওয়া সেতুর অংশ মেরামত হওয়ায় আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকে বড় ভারি যানবাহন গুলো চলাচল করতে পারবে। তবে ১০ টনের অধিক মালামাল নিষিদ্ধ।
প্রসঙ্গত: গত (২২ আগস্ট) বিকেলে নারায়নগঞ্জ থেকে সিমেন্ট ভর্তি একটি ট্রাক জগন্নাথপুরের বাজারের উদ্দেশ্যে আসলে মহাসড়কের জগন্নাথপুর অংশে কাটাগাঙের বেইলি সেতুতে দুর্ঘটনা ঘটে। সেতুর মেরামত করা জরাজীর্ণ অংশ ভেঙে চালক ও হেলপারসহ ট্রাক পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুই জনের লাশ উদ্ধার করে।
এম. এইচ. এ




