কুলাউড়ায় কিশোরীদের এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

কুলাউড়ায় কিশোরীদের এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৬:৩৬:১৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় কিশোরীদের এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় কিশোরীদের মাসব্যাপী জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পৌরশহরস্থ রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

উদ্বোধনকালে তিনি এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের গুরুত্ব উল্লেখ করে বলেন, কিশোরীদের জরায়ুর মুখে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অসচেতনতার অভাবে এ রোগে প্রতি বছর অনেক রোগী মারা যাচ্ছে। তাই সরকার কিশোরীদের এ রোগের সুরক্ষায় মাসব্যাপী এইচপিভি টিকাদানের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাদানের মাধ্যমে মরণবেদী রোগ থেকে নিজেদের রক্ষার আহবান জানান ।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.ফেরদৌস আক্তার বলেন, এইচপিভি ঠিকাদান ক্যাম্পেইন সফল করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ছাড়াও ১০ থেকে ১৫ বছর বয়সের মোট সাড়ে ২১ হাজার কিশোরীকে ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  তিনি আরও বলেন, বৃহস্পতিবার পর্যন্ত ৭ হাজার রোগীকে রেজিস্ট্রেশনভুক্ত করা হয়েছে। এরমধ্যে উদ্বোধনী দিনে বিভিন্ন টিকাদান কেন্দ্রে ২ হাজারের অধিক কিশোরীকে টিকা প্রদান করা হয়। হাসপাতালের ইপিআই ভবনের স্থায়ী ক্যাম্পেইন কেন্দ্র ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে আরও একাধিক কেন্দ্রসহ ভ্যাকসিনেটর ও সুপার ভাইজার নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মেডিকেল অফিসার ডা. মইনুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, মেডিকেল টেকনোলজিস্ট ( ইপিআই) মো. আফতাব উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান