সুনামগঞ্জের নৌ ধর্মঘট প্রত্যাহার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদীতে টোল আদায়ের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় তিন শুল্কস্টেশন বড়ছড়া, চারাগাঁও ও বাগলির চুনাপাথর-কয়লা আমদানি কারক সমিতির ডাকা অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট ৮ দিন পর প্রত্যাহার করা হয়েছে।
সোমবার ( ১৮ সেপ্টেম্বর ) থেকে এই তিন শুল্কস্টেশন থেকে নদী পথে কয়লা ও চুনাপাথর পরিবহন শুরু হয়েছে। এর আগে রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের এক বৈঠকে নদীতে অতিরিক্ত টাকা আদায় হবে না এমন আশ্বাস পেয়ে ৮ দিন পর নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দুপুর থেকে কয়লা ও চুনাপাথর বিক্রয় এবং পাটলাই নদী পথে পরিবহন বন্ধ রাখেন দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কস্টেশন বড়ছড়া, চারাগাঁও ও বাগলীর আমদানীকারকেরা। সুনামগঞ্জের এসব শুল্কস্টেশনের প্রায় সাত শ আমদানিকারক কতৃর্ক চুনাপাথর ও কয়লা পাটলাই নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। ব্যবসায়ীদের অভিযোগ, তাহিরপুরে পাটলাই নদীর ডাম্পের বাজার নৌকাঘাটে মালামাল লোড দেওয়ার সময় নিয়ম অনুযায়ী প্রতি নৌকা থেকে ৫০০ টাকা টোল আদায়ের কথা সেখানে খাস কালেকশনের নামে ৫ হাজার টাকা আদায় হচ্ছে। বিআইডব্লিউটিএ’র নামে নৌকা প্রতি ১০ থেকে ২০ হাজার টাকাও আদায় হয়। বেশিরভাগ ক্ষেত্রেই রশিদ দেয় না বলেও অভিযোগ আদায়কারীদের বিরুদ্ধে। এ কারণে এই শুল্কস্টেশনের ক্রেতা কমে যাচ্ছে, নৌযানও এই পথ দিয়ে কম আসছে। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য মালামাল বিক্রয় ও বহন বন্ধ করেছিলেন ব্যবসায়ীরা।
নৌ ধর্মঘট প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর কয়লা আমদানি কারক সমিতির সচিব রাজেশ তালুকদার। তিনি বলেন, আজ থেকে কেরিং চলতেছে। ধর্মঘট প্রত্যাহার করায় শ্রমিকরাও আবার কাজের সুযোগ পেয়েছে।
এব্যাপারে বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক সুব্রত রায় বলেন, নদীতে বিআইডব্লিউটিএর একটা রেট আছে সেই অনুযায়ী টোল আদায় করা হবে। কারণ এখানে ইজারা দেওয়া আছে। আমাদের ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, টোল আদায়ের সাথে সাথে স্লিপ দেওয়া হবে। এর বাহিরে কোনো অনিয়ম হবে না। আর কেউ নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত কোনো টাকা আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিডি




