ছবি : সংগৃহিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৌর শহরের সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে গড়ে ওঠেছে অনেকগুলো ভাসমান দোকান। সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে চলে কেনাবেচা। এর ফলে সবসময় জটলা লেগে থাকে মহাসড়কের ফুটপাতে। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা।
ফুটপাত ভাসমান ব্যবসায়ীদের দখলে থাকায় সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর বাজারে যানজট লেগেই থাকে।
ভুক্তভোগীরা জানান, মহাসড়কের পাশে জনগণের চলাচলের যে রাস্তা রয়েছে তা দখল করে ভাসমান ব্যবসায়ীরা দোকান খুলে বসে আছেন। এতে সাধারণ পথচারীদের বাধ্য হয়ে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করতে হয়। একারণে পথচারীরা প্রায়ই সড়ক দুর্ঘটনায় পড়ে।
গত বছর মাধবপুর পুলিশ ফুটপাত ও মহাসড়কের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মহাসড়ক যানজটমুক্ত করেছিল। কিছুদিন যেতে না যেতেই আবারও ধীরে ধীরে ফুটপাত দখলসহ মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা ও দোকানঘর।
মাধবপুর বাজারে আসা সাবিনা ইয়াসমিন নামের এক নারী বলেন, মহাসড়কের ফুটপাত দিয়ে সাধারণ লোকজন চলাচল করার কথা। কিন্তু ভাসমান দোকানিরা ফুটপাত এমনভাবে দখল করে রেখেছে চলাচলের কোনো সুযোগ নেই। এমতাবস্থায় ভিড়ের মধ্যে নারী পথচারীদের অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। ফুটপাত দখলমুক্ত করা হলে পথচারীরা সহজেই বাজারে যাতায়াত করতে পারত।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান বলেন, আমরা কয়েকদিন আগেও দোকানপাট উচ্ছেদ করেছি। কে বা কার ক্ষমতার জোরে আবার দোকান বসিয়েছে তা খতিয়ে দেখা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
SH




