ছবি : সংগৃহীত
পাবনার সাঁথিয়ায় আব্দুল মালেক নামের এক বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে মানিক হোসেনের বিরুদ্ধে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহত মালেক উপজেলার কশিনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের প্রয়াত তয়জাল গাড়িয়ালের ছেলে। তিনি পেশায় একজন বাঁশ ব্যবসায়ী ও কৃষি কাজ করতেন। সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান এ তথ্য জানান।
পরিবার ও পুলিশের ভাষ্য মতে, বাবা মালেক ও ছেলে মানিকের মধ্যে তেমন বড় কোনো ঝামেলা ছিল না। তবে ছেলে কাজ করতে চাইতো না। গতকাল শনিবার সকালে বাঁশ কাটার জন্য নিহত আব্দুল মালেক উঠানে কুড়াল ধার দিচ্ছিলেন এবং ছেলে মানিক হোসেনকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকছিলেন। এতে ছেলে ঘুম থেকে উঠে ক্ষিপ্ত হয়ে এসে বাবার সঙ্গে তর্কে জড়ায়। তর্কের একপর্যায়ে বাবার ধার দেওয়া কুড়াল দিয়েই বাবাকে বুকে পিঠে ও হাতে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়রা ঘাতক মানিককে আটকে রাখলেও পরে তিনি কৌশলে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দা আজা হোসেন জানান, মানিক একজন মাদকাসক্ত ও নেশাখোর। রাতে নেশা করে এসে ঘুমালে তার বাবা কাজে যাওয়ার জন্য ডাকতেই কুড়াল দিয়ে হাতে ও পিঠে কোপালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।
জৈন্তাবার্তা / সুলতানা




