ফাইল ছবি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরায় গেল বাংলাদেশের ইলিশের প্রথম চালান। শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে উত্তর ত্রিপুরার কৈলাশহরে রপ্তানি হয় দেড় হাজার কেজি ইলিশ।
স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশি মাছ রফতানিকারক নড়াইলের ‘আরিফ সি ফুড’ ভারতে দেড় টন ইলিশ পাঠিয়েছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে মোট ৫০ টন মাছ রপ্তানি করতে হবে।
আরিফ সি ফুডের মালিক কাজি আরিফ আহমদ বলেন, গত বছরও আমি এ পথে ভারতে ইলিশ মাছ রপ্তানি করেছি। ভারতের কলকাতার ‘আইয়ুশ এন্টারপ্রাইজ’ ইলিশ মাছ নিচ্ছে। ত্রিপুরার বিভিন্ন এলাকায় এই ইলিশ সরবরাহ করা হবে।
ক্লিয়ারিং এজেন্ট সলিল শেখর দত্ত বলেন, আজকের প্রথম চালানে ৮শত ৭৭ টাকা কেজি দরে মোট দেড় টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা (পরিদর্শক) হাসানুজ্জামান বলেন, সবধরনের কাগজপত্র যাচাই-বাছাই করে ট্রাকের ইলিশ মাছের কার্টুন পরীক্ষার পর রপ্তানির ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। অনুমোদনপ্রাপ্ত আরও কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ পথে ইলিশ মাছ রফতানি করবে।
SH




