ছবি : সংগৃহীত
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।
গ্রেপ্তাররা হলেন— সদর উপজেলার ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক আল-আমিন ওরেফে তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগের নেতা মীম মারুফ, আমিনুর রহমান (২৪), সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদ বাবুল হোসেন (৫৪), ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।
সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, বুধবার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সন্দেহজনকভাবে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারদের মধ্যে খান মোহাম্মদ রাফি ওরফে সিজন অগ্নিসংযোগের পর সামাজিক যোগযোগমাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন মিশন কমপ্লিট। আশা করছি, তার কাছ থেকে অগ্নিসংযোগের গুরুপূর্ণ তথ্য পাওয়া যাবে। বাকিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, পহেলা বৈশাখে শেখ হাসিনার মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে গত মঙ্গলবার রাতে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
জৈন্তাবার্তা / সুলতানা




