ছবি : সংগৃহীত
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ১০টার দিকে গ্রামের নলবিলের মাঠ থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী গাড়ামারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক মোহাম্মদ আলী বিকেলে বাড়ি থেকে নলবিলের মাঠে যান। রাতে স্থানীয় কৃষকরা তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, ‘আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মন্টু মিয়ার ধানের জমিতে মোহাম্মদ আলীর মরদেহ পড়ে আছে। আমরা তার মরদেহ দেখে পরিবারে খবর দিলে তারা পুলিশে খবর দেন।’
ওই গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, সোমবার বিকেলে গাড়ামারা ও ধোপাবিলা গ্রামের বিলের মাঠে মোহাম্মদ আলীর মরদেহ পাওয়া যায়। তবে তার শরীরের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে মৃত্যু হয়েছে তার। বিষয়টিকে অন্যদিকে ধাবিত করার পায়তারা চালাচ্ছে একটি মহল।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তার শরীরে পোড়া দাগ আছে।’ তবে ময়নাতদন্তের পর সঠিকভাবে জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
জৈন্তাবার্তা / সুলতানা




