মরদেহ উদ্ধার করে ট্রাক্টরে করে কমলগঞ্জ থানায় আনা হয়
মৌলভীবাজার কমলগঞ্জ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাহেদ মিয়া (৩০) উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুড়মা চা বাগান (শান্তি নগর) গ্রামে মৃত সিরাজ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায়, শাহেদ মিয়া পরিবারের সাথে বুধবার (১০ অক্টোবর) রাতে খাবার শেষ করে ঘুমাতে যান। স্থানীয়রা ভোরে হঠাৎ তার লাশ গাছের সাথে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকদের জানালে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে সকালে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হক, আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, অনেক মানুষ তার কাছে টাকা পায়। পাওনা টাকা দিতে না পারায় আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। রাতের কোন এক সময় আত্মহত্যা করেছেন বলে জেনেছি। আমরা লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। আপাতত থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিডি




