ছবি : নিজস্ব
সুনামগঞ্জের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ইউকে ভিত্তিক চ্যারিটি সংস্থা ক্যারাভান অফ মার্সির উদ্যোগে গত এক সপ্তাহব্যাপী বিনা খরচে চক্ষু অপারেশন, সম্বলহীন অসহায় বিভিন্ন বয়সী দরিদ্র নারীকে সেলাই মেশিন বিতরণ, ছাগলসহ আধুনিক রিক্সা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সুনামগঞ্জের দরিদ্র, দুঃস্থ পরিবারের ১০ তরুণীর সঙ্গে ১০ জন তরুণের শুভ বিবাহ সম্পন্ন করে দিয়েছে সংস্থাটি।
নিজেদের খবচে ১০ তরুণকে বর সাজিয়ে আনা হয় সুনামগঞ্জ সদর উপজেলার মুসলিমপুর গ্রামের জামেয়া হযরত আবু বকর সিদ্দিক ( রাঃ) ও এতিমখানায় মাদ্রাসার প্রাঙ্গণে করা স্টেজে। সেখানে উৎসবমুখর পরিবেশে (১ অক্টবর) দুপুরে এই গণবিবাহ দিয়েছেন ইউকে ভিত্তিক চ্যারিটি সংস্থা ক্যারাভান অফ মার্সির এর চেয়ারম্যান মাওলানা মাওলানা ইব্রাহিম প্যাটেল। 
শুধু তাই নয় তরুণীরকে খালি হাতে তার শ্বশুরবাড়িতে পাঠায়নি ক্যারাভান অফ মার্সির। নতুন দম্পতিকে দেয়া হয়েছে খাট, লেপ-তোষক। সংসার সাজানোর জন্য বিবাহের উপহারসামগ্রী এবং আর্থিকভাবে সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। এদিন প্রত্যেক দম্পতির সঙ্গে আসা মেহেমানরা এবং এলাকার গণ্যমান্য মানুষেরা অংশ নেন মেজবানে।

এছাড়া অন্ধকার ঘুচিয়ে পৃথিবীর নয়নাভিরাম দৃশ্য দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ৩৯০ জনকে বিনা খরচে চক্ষু অপারেশনের কার্যক্রম শুরু করা হয়েছিলো ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে। টাকার অভাবে চোখের চিকিৎসা করার সামর্থ্যহীন ৩৯০ জনকে চক্ষু অপারেশন করা হয় সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে। এর পর সুনামগঞ্জের অসহায় ৬০ জন বিভিন্ন বয়সী দরিদ্র নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়া হত দরিদ্র পরিবারের মাঝে ৪৫টি ছাগল ও ৩০টি আধুনিক রিক্সা বিতরণ করা হয়েছে। এছাড়া বিধবা মহিলাদের ২৫ হাজার নগদ টাকা দেওয়া হয়। গত সাতদিন ব্যাপী এমন সাহায্য সহযোগীতা পেয়ে আনন্দিত সুবিধাভুগীরা।

বিতরণ কার্যক্রম শেষ করে আজ বিকালে জামেয়া হযরত আবু বকর সিদ্দিক ( রাঃ) ও এতিমখানায় মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আজিজুল হক বলেন, আমাদের সুনামগঞ্জের একদম গরিব অসহায় মানুষ যাচাই বাচাই করে খুবই হত দরিদ্র, অসহায়, দুঃস্থ ১০টি বিবাহ করিয়েছি। নবদম্পতিদেরকে খাট,লেপ-তোষকসহ সংসারের কিছু প্রয়োজনী জিনিসপত্র দেওয়া হয়েছে। বিনা মূল্য চক্ষু অপারেশন, ছাগল, সেলাই মেশিন, আধুনিক রিক্সা বিতরণ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউকে ভিত্তিক চ্যারিটি সংস্থা ক্যারাভান অফ মার্সির আরেক সহযোগী আহমেদ আলী প্যাটেল।
ইউকে ভিত্তিক চ্যারিটি সংস্থা ক্যারাভান অফ মার্সিরের চেয়ারম্যান মাওলানা মাওলানা ইব্রাহিম প্যাটেল বলেন, আমরা বিশ্বে বিভিন্ন দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশে আমি এই গরিব দুঃখী মানুষের টানে এসেছি। তাদের পাশে দাড়াতে পরে খুব ভালো লেগেছে। ভবিষ্যতে সারা বিশ্বে অনুরূপ সামাজিক কাজকর্ম করার কথা জানান তিনি।
এম সি




