জগন্নাথপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন
সুনামগঞ্জের জগন্নাথপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে সবজি চাষিরা।
শনিবার (৭অক্টোবর) সরেজমিনে দেখা যায়, কুশিয়ারা ও নরজুল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। খানা-খন্দ ও নিচু জায়গাতে ইতোমধ্যেই পানি জমে গেছে। বিশেষ করে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ভারি বর্ষণে রাস্তা-ঘাটে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও উপজেলার নিচু জমিগুলোর অধিকধংশ ফসলই পানির নিচে। এতে আগাম ও গ্রীষ্মকালীন ক্ষেতগুলোর সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে কৃষকরা।
কুশিয়ারা নদীর পাড়ের সবজি চাষি জয়মত, আখলইসহ আরো কয়েকজন জানান, টানা বৃষ্টিতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চাষ করা সবজিতে সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টি না কমলে সবজিগুলো তলিয়ে যাবে। বড় কষ্ট করে ফলন করা সবজিগুলো নষ্ট হলে আমাদের পথে বসতে হবে। ধান রোপনের পাশাপাশি সবজি করে আমরা জীবন পরিচালনা করে থাকি। টানা দুই দিনের বৃষ্টিতে বেশ কিছু সবজির জমিতে পানি বেঁধে গেছে। এতে ইতোমধ্যে বেশ কিছু সবজি আক্রান্ত হয়েছে। আক্রান্তের ভেতর আগাম সবজি ও গ্রাষ্মকালীন সবজি রয়েছে। যদি সামনে আরও ২-৩ দিন বৃষ্টি হয় তাহলে জমিতে থাকা আগাম ও গ্রীষ্মকালীন সবজি ক্ষিতগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, টানা দুই দিনের বৃষ্টিতে আমাদের উপজেলায় বিভিন্ন স্থানে ফসলী জমি ও সবজি ক্ষেতে পানি প্রবেশ করেছে। আশা করি বৃষ্টি কমলে তেমন কোন ক্ষতি হবে না। বৃষ্টি কমলে ক্ষতির পরিমান জানা যাবে। এখনো বলা যাচ্ছেনা কি পরিমানের ক্ষতি হয়েছে। উপজেলা বিভিন্ন স্থানে শোনা যাচ্ছে পানি প্রবেশ করেছে।
ডিডি




