ছবি: নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুরে অব্যাহত বৃষ্টিপাতে উপজেলার নদীর পানি বাড়ছে। তবে শনিবার পর্যন্ত পানি বিপৎসীমার ১.৫২সে.মি নিচে রয়েছে বলে স্থানীয় পাউবোর কার্যালয় সূত্র জানিয়েছে।
জগন্নাথপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের সহকারি প্রকৌশলী (এসও) সবুজ কুমার শীল বলেন, জগন্নাথপুরের নলজুর নদীতে গতকাল পর্যন্ত ৫.৯৮ সে.মি লেভেল পানি ছিল। যা বিপৎসীমার চেয়ে ১.৫২সে.মি নিচে আছে। নজলুর নদীর পানি বিপৎসীমা ধরা হয়েছে ৭.৫ মিলিমিটার।
নলুয়া হাওর ব্যষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা ও নলজুর নদীসহ জগন্নাথপুরের বিভিন্ন নদ-নদী ও হাওরে পানি বেড়েছে। তবে তা আশঙ্কাজনক নয়। গত তিনদিনের অব্যাহত বৃষ্টিপাতের ফলে নিন্মআয়ের মানুষ ঘরবন্দি হয়ে পড়েন বলে তিনি জানান।
এদিকে অব্যাহত ভারি বর্ষণে জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে জলাবন্ধতা সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে জগন্নাথপুরে নদ নদীগুলোতে পানি বাড়লেও বিপৎসীমা অতিক্রম করেনি। আমরা জগন্নাথপুরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
জৈন্তাবার্তা / মনোয়ার




