ছাতকে আওয়ামী লীগ নেতার বাড়িতে আবারও পুলিশের অভিযান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ AM

ছাতকে আওয়ামী লীগ নেতার বাড়িতে আবারও পুলিশের অভিযান

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ১০:১২:৪৪ AM

ছাতকে আওয়ামী লীগ  নেতার বাড়িতে আবারও  পুলিশের অভিযান


সুনামগঞ্জের ছাতক উপজেলার সেওতরপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতা এডভোকেট শামসুর রহমানের বাড়িতে আবারও অভিযান চালিয়েছে পুলিশ। তবে গত রবিবার (২৫ মে) বিকালে এ অভিযানকালে পুলিশ স্থানীয় উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমানকে বাড়িতে পায়নি। এর আগে ৪ মে আরেকবার তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছিল।

এডভোকেট শামসুর রহমানের ছেলে শাহরিয়ার রহমান শাকির বলেন, ‘গত রবিবার এবং এর আগে গত ৪ মে পুলিশ আমাদের বাড়িতে আসে এবং আমার বাবার সন্ধান চায়। কিন্তু এসময় বাবা বাড়িতে ছিলেন না।’ তিনি বলেন, ‘আমার বাবা সৎ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি কখনো কারো ক্ষতি করেননি। তার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ কিংবা কোনো মামলাও নেই।’

এদিকে, রোববার এডভোকেট শামসুর রহমানের বাড়িতে পুলিশের অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলার খরিদিচর মাদ্রাসার শিক্ষক, সেওতরপাড়া (কাকুড়া) গ্রামের মাওলানা আফতাব উদ্দিন বলেন, ‘কয়েকদিন আগেও ওই বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। দু’বারই পুলিশ শামসুর রহমানকে বাড়িতে পায়নি।’

স্থানীয় লোকজন জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে রয়েছেন। তবে এরপরও পুলিশ অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করছে। এরই মধ্যে সেওতরপাড়া গ্রামের ছাত্রলীগ কর্মী জামাল আহমদ এবং পাশর্^বর্তী ধারণ গ্রামের যুবলীগ নেতা এমরান হোসেন শামীম ও স্থানীয় ইউপি মেম্বার যুবলীগ কর্মী হেলাল আহমদকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের মধ্যে জামাল ও শামীম আদালত থেকে ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন।  

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান আকন্দ বলেন, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধ ও লুটপাটের সাথে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেশকিছু অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে।  

জৈন্তাবার্তা