সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের হানিফ আলী হত্যা মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলীকে আসামি করার প্রতিবাদে এবং অনতিবিলম্বে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল ও সদস্য মহির উদ্দিন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান, এবাদুর রহমান, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাদির জিলানী ও শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুর রহমান মানিক প্রমুখ।
মানববন্ধনে উপজেলা বিএনপি নেতা জিতু মিয়া, আকবর আলী, আমির মিয়া, রেজাউল করিম রাজু, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ মিয়া, তালেব মিয়া, যুবদল নেতা আবুল হাসনাত, হাবিবুর, রায়হান মিয়া, উপজেলা ছাত্রদল নেতা ওবায়দুল করিম মাছুম, শাহাদাত হোসেন কামরান, সুমন আহমদ, সিদ্দিকুর রহমান পাপ্পু ও আল আমিনসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও এখনও বিএনপি নেতাদের মিথ্যা মামলার আসামি করে হয়রানি করছে স্বৈরাচারের দোসররা। যারা গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের সময় এই এলাকায় বিএনপি নেতাদের নানাভাবে অত্যাচার নিপীড়ন করেছিল, তারাই নিজেদের পারিবারিক বিবাদে হানিফ আলী নিহত হওয়ার ঘটনায় সজ্জন রাজনীতিবিদ নূর আলীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় মিথ্যা আসামি করেছে। মূলত এই ঘটনার সাথে নূর আলীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা সুনামগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান করবো- সুষ্ঠু তদন্তপূর্বক অনতিবিলম্বে নূর আলীর নাম এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করা হোক। অনতিবিলম্বে শান্তিগঞ্জ থানার ওসিসহ প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে। যদি নুর আলীকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেয়া হয় তাহলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি এই এলাকার আপামর জনসাধারণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
জৈন্তা বার্তা/আরআর




