ছাতকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিএনপি প্রার্থী মিলনের মতবিনিময়
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৫ PM

ছাতকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিএনপি প্রার্থী মিলনের মতবিনিময়

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৭:৪৫:০৬ PM

ছাতকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে  বিএনপি প্রার্থী মিলনের মতবিনিময়

ছবি: জৈন্তা বার্তা


ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ছাতক শহরের নিজ বাসভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মতবিনিময় সভায় সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামের পর দলের প্রতি নিষ্ঠা ও জনগণের ভালোবাসার কারণে ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন পেয়েছি। এটি ছাতক ও দোয়ারাবাজারবাসীর বিশ্বাস ও আস্থার প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। এই যাত্রায় গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও সহযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি।’

এক প্রশ্নের জবাবে কলিম উদ্দিন মিলন বলেন, ‘দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান চৌধুরীর সঙ্গেও কথা হয়েছে। বিএনপির সব নেতা-কর্মী ও সমর্থক এখন ঐক্যবদ্ধ। রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সাংবাদিক ও সচেতন নাগরিকদেরও ভূমিকা অপরিহার্য।’

এ সময় উপস্থিত ছিলেন-ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত, পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: