ছাতকে নির্বাহী প্রকৌশলীর বিরু*দ্ধে সাংবাদিকের মানহা*নির অভি*যোগ
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৫ PM

ছাতকে নির্বাহী প্রকৌশলীর বিরু*দ্ধে সাংবাদিকের মানহা*নির অভি*যোগ

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৮:০১:১৪ PM

ছাতকে নির্বাহী প্রকৌশলীর বিরু*দ্ধে সাংবাদিকের মানহা*নির অভি*যোগ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-ছাতকের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মো. আব্দুল মজিদের বিরুদ্ধে এক সাংবাদিকের মানহানির অভিযোগ উঠেছে।

দৈনিক সংগ্রাম ও সুনামগঞ্জের খবর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি মো. লুৎফুর রহমান শাওন সম্প্রতি ছাতক থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ৯ নভেম্বর দুপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সরকারি কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ সময় তিনি উপস্থিত সংবাদকর্মীদের প্রাণনাশের হুমকিও দেন।

সাংবাদিক লুৎফুর রহমান শাওন জানান, ঘটনাটির সময় তিনি ছাতক বাজার রেল মসজিদ সংলগ্ন তার প্রতিষ্ঠান ‘ছাতক কম্পিউটার’-এ অবস্থান করছিলেন। অথচ নির্বাহী প্রকৌশলী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামসহ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘অফিসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই প্রমাণ মিলবে যে আমি ঘটনাস্থলে ছিলাম না।’ তিনি অভিযোগ করেন, এ ঘটনার পর থেকে তিনি ও অন্যান্য সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগের বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মো. আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ওই ব্যক্তিকে (লুৎফুর রহমান শাওন) ব্যক্তিগতভাবে চিনি না। আমার অফিসে যারা এসেছিলেন, তাদের ভিডিও ধারণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সেই তথ্যের ভিত্তিতেই থানায় অভিযোগ দায়ের করেছি।’

প্রকৌশলীর কাছে সাংবাদিক শাওন প্রশ্ন করেন, ‘আমি লুৎফুর রহমান শাওন- আমি কি গতকাল আপনার অফিসে গিয়েছিলাম?’ জবাবে প্রকৌশলী বলেন, ‘গতকাল আপনাকে আমার অফিসে দেখি নাই, মিথ্যা বলব কেনো; আপনার নাম কিভাবে এসেছে, তা আমরা খতিয়ে দেখছি।’

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ‘অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: