নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগ ও পর্যটন খাতকে অগ্রাধিকার দেব
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫১ AM

বড়লেখা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু

নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগ ও পর্যটন খাতকে অগ্রাধিকার দেব

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৯:১৮:৩৩ PM

নির্বাচিত হলে  শিক্ষা, যোগাযোগ ও পর্যটন খাতকে অগ্রাধিকার দেব

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। আমি নির্বাচিত হলে বড়লেখা ও জুড়ী উপজেলায় শিক্ষা, যোগাযোগ ও পর্যটন খাতকে অগ্রাধিকার দিয়ে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করব।’

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন আহমেদ মিঠু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” শুধু রাজনৈতিক ঘোষণা নয়, এটি একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এই দফাগুলো জাতির পুনর্জাগরণের দিকনির্দেশনা দেবে এবং স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তিনি বলেন, ‘যদি এই দফাগুলো বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশে পরিণত হবে-যেখানে উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।’

বিএনপির এই প্রার্থী জানান, তিনি ইতোমধ্যে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরেছেন এবং এতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

সভায় তিনি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন।

স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, ‘মৌলভীবাজার জেলার মধ্যে বড়লেখা-জুড়ী অঞ্চল পর্যটনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমি নির্বাচিত হলে এখানকার হাওর ও পাহাড়কেন্দ্রিক পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।’

বড়লেখা পৌর শহরের ইয়াম্মি প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহবায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন প্রমুখ।

সভায় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রবসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব