ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা বেড়ায় লাগাকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক গোতগাঁও গ্রামের আঙ্গুল মিয়ার ছেলে শামিম মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে বেড়া দিচ্ছিলেন শামিম মিয়া। এ সময় একই গ্রামের রবিউল ইসলাম তার অটোরিকশা নিয়ে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ অটোরিকশাটি বেড়ায় লেগে বেড়া ভেঙে যায়। এ নিয়ে শামিম ও রবিউলের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রবিউল ও তার ভাই রাহিম মিয়া এসে শামিমকে সুলফি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শামিম মারা যান।
গোতগাঁও গ্রামের ইউপি সদস্য মজুমদার আলী জানান, ‘বেড়ায় অটোরিকশা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল বাড়ি থেকে সুলফি এনে শামিমকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।’
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




