ছবি: জৈন্তা বার্তা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক দীর্ঘদিন ধরে সবজি ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের দখলে থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তির শেষ নেই। হাসপাতালের প্রবেশপথে অনানুষ্ঠানিক বাজার গড়ে ওঠায় সারাদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, পাশাপাশি দেখা দিচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালের মূল ফটকের সামনে সবজি বিক্রেতারা দোকান সাজিয়ে বসেন। ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি, রিকশা এবং দোকানিদের পসরা মিলিয়ে প্রবেশপথ এতটাই সংকীর্ণ হয়ে পড়ে যে জরুরি বিভাগে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
জরুরি বিভাগে রোগী নিয়ে যাওয়া সুজন মিয়া জানান,‘রোগীকে নিতে গিয়ে ফটকেই ১০ মিনিট আটকে থাকতে হয়। সবজির বস্তা, টমটম আর মানুষের ভিড়ে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। হাসপাতালে এমন বাজার থাকা উচিত না।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাজারের বর্জ্য ফটকের দুই পাশে ফেলে রাখা হয়, যা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং পুরো পরিবেশ নষ্ট হয়। রোগী ও তাদের স্বজনদের প্রবেশপথ পর্যন্ত আসতেও ভোগান্তি পোহাতে হয়।
তবে বিক্রেতাদের দাবি, জীবিকার প্রয়োজনেই তারা এখানে বসতে বাধ্য। এক বিক্রেতা বলেন,
‘পেটের দায়ে বসি। হাসপাতালের লোকজন আমাদের নিয়মিত ক্রেতা। পরিষ্কার রাখার চেষ্টা করি।’
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বারবার অনুরোধ করলেও বিক্রেতারা সরে দাঁড়ান না। জনস্বাস্থ্য ঝুঁকি দূর করতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাজিম আহমেদ জানান,‘ফটক ফাঁকা রাখতে বহুবার বলা হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভাতেও বিষয়টি তোলা হয়েছে। তবুও কোনো পরিবর্তন হয় না।’
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন বলেন,‘বিষয়টি আমাদের জানা আছে। হাসপাতালের ফটক থেকে যানজট ও বাজার দ্রুত সরিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




