ছবি:নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আশরাফুল করিম। রুহুল আমিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আজগর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফতেহুল ইসলাম, আক্তার হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল্লাহ ভূইয়া, সহকারী অধ্যাপক একে এম নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, শাহীন মিয়া, সমাজসেবক এডভোকেট ইয়াকুব খান, আ. জলিল, মুফতি শফিকুল ইসলাম ডালিম, সৈয়দ শাহনেওয়াজ, আল মাসুদ লোকমান ও বশির আহমেদ।
বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ও মেধা বিকাশে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন বহু বছর ধরে কাজ করছে। তাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বড় উৎসাহ হিসেবে কাজ করবে। বক্তারা আরও উল্লেখ করেন, দেশের অগ্রগতিতে শিক্ষিত প্রজন্মের বিকল্প নেই এবং এ ধরনের বৃত্তি কর্মসূচি মেধাবীদের সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।অনুষ্ঠানের শেষপর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এমন সম্মান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, আগামী বছর আরও বড় পরিসরে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।
জৈন্তাবার্তা / সুলতানা




