ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের মাইজবাড়ি পূর্বপাড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে কাটা মাটি পরিবহণে ব্যবহৃত ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম স্বাধীন (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম স্বাধীন স্থানীয় আলহেরা জামেয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং পূর্ব মাইজবাড়ি গ্রামের আলী হোসেনের ছেলে। হঠাৎ এই মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মাঠে খেলাধুলা শেষে স্বাধীন বাড়ি ফিরছিল। পথিমধ্যে দ্রুতগতির একটি অবৈধ ট্রলি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, শাহিন সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটছে এবং ট্রলি দিয়ে তা বহন করছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানোর পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি-ফলে আজকের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
স্বাধীনের পরিবার ঘাতক ট্রলি, চালক এবং মাটি ব্যবসায় জড়িত শাহিন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ট্রলিটি শনাক্ত করে জব্দ করা হয়েছে। চালককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




