ছবি:সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় ও জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সিলেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ব্যস্ত সময় পার করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। গণমিছিল, গণসংযোগ, জনসভা ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচির মাধ্যমে তিনি সিলেট জেলার বিভিন্ন সংসদীয় আসনে ধারাবাহিকভাবে প্রচারণায় অংশ নেন।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে সিলেট জেলার প্রতিটি আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত একযোগে অনুষ্ঠিত পথসভা, গণসংযোগ ও জনসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এদিন সিলেটের ছয়টি সংসদীয় আসনেই বিএনপি ও জোটের পক্ষে কর্মসূচি পালিত হয়, যেখানে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও ভোটারদের সক্রিয় উপস্থিতি দেখা যায়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রচারণার শেষ দিনে বিএনপির সাংগঠনিক তৎপরতা ও জনসমর্থনের বিষয়টি স্পষ্টভাবে ফুটে ওঠে। একই সময়ে প্রতিদ্বন্দ্বী পক্ষ সব আসনে সমানভাবে কর্মসূচি বাস্তবায়নে সক্ষম হয়নি বলেও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি হওয়ার পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন জোটের জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ফলে নির্বাচনী প্রচারণার পাশাপাশি দলীয় সাংগঠনিক নানা দায়িত্ব সামলাতে গিয়ে তাকে নিয়মিত বিভিন্ন আসনে ছুটে যেতে হয়েছে।
সিলেট–৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে বিএনপি প্রার্থী না দিলেও জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন দিয়েছে দলটি। গত ২৭ জানুয়ারি কাইয়ুম চৌধুরী কানাইঘাটে ওই প্রার্থীর পক্ষে কর্মীসভা, পথসভা ও গণসংযোগে অংশ নেন।
গত ৭ ফেব্রুয়ারি তিনি সিলেট–৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে জৈন্তাপুর উপজেলায় ব্যাপক প্রচারণা চালান। একই দিনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষেও প্রচারণায় অংশ নেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে বিশ্বনাথ ও ওসমানীনগরে গণসংযোগ ও জনসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি ইলিয়াস আলীর স্মৃতিকে ধারণ করে লুনাকে বিজয়ী করার আহ্বান জানান।
এছাড়া সিলেট-১ (নগর-সদর) ও নিজের নির্বাচনী এলাকা সিলেট–৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনেও তিনি নিয়মিত প্রচারণা চালান।
নিজের তৎপরতা সম্পর্কে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জোটের জেলা সমন্বয়ক হিসেবে সব প্রার্থীর পক্ষেই তিনি মাঠে সক্রিয় রয়েছেন। তবে নিজের আসন সিলেট–৩-এর প্রার্থী এম এ মালেকের পক্ষে তিনি বাড়তি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ আসন হিসেবে সিলেট–১-এর দলীয় প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের পক্ষেও নিয়মিত সভা-সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




