ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ১৬৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশের পর তার এ জয় নিশ্চিত হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। ফলে ১ লাখ ২০ হাজার ৪৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয় লাভ করেন তিনি।
এদিকে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট। বাসদ মনোনীত প্রার্থী আবুল হাসান পেয়েছেন ৯২০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী জরিফ হোসেন পেয়েছেন ৯১০ ভোট।
বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটি আমার জন্য বড় সম্মানের। মৌলভীবাজার-৪ আসনের মানুষ আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তা রক্ষা করতে চাই। এলাকার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার।’
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ হওয়ায় সাধারণ ভোটাররাও সন্তোষ প্রকাশ করেছেন।
মৌলভীবাজার-৪ আসনের এ ফলাফলের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আসনটিতে বিএনপির শক্ত অবস্থান স্পষ্ট হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




