ছবি : সংগৃহীত
দেশের কয়েকটি অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আজ বৃহস্পতিবার থেকে তা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তবে আজ থেকে তা ধীরে ধীরে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার দিক থেকে বড় কোনো পরিবর্তন আজ দেখা যাবে না বলে জানানো হয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি, যা গরমের অস্বস্তি আরও বাড়িয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে আগামীকাল শুক্রবারের পর বৃষ্টির প্রবণতা কিছুটা কমে গিয়ে আবারও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
চৈত্র মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হলেও, মাসের শেষ দিকে এসে তাপপ্রবাহ আবারও জেঁকে বসে। বিশেষ করে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




