জৈন্তাপুরে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৩৬৭ শিক্ষার্থী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ PM

জৈন্তাপুরে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৩৬৭ শিক্ষার্থী

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ০২:৪৬:১২ PM

জৈন্তাপুরে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৩৬৭ শিক্ষার্থী


সিলেটের জৈন্তাপুর উপজেলায় শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়, যা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬৩১ জন। এর মধ্যে বালক ২৬৯ জন এবং বালিকা ৩৭২ জন। প্রথম দিনে উপস্থিত ছিল মোট ৩৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে বালক ১৫০ জন ও বালিকা ২০৯ জন। অনুপস্থিত ছিল ২৬৪ জন, যার মধ্যে বালক ১০৯ জন ও বালিকা ১৫৫ জন।

কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তপন কান্তি দেব। ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মো. জুলহাস। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মনিরুজ্জামান এবং সহকারী হল সুপার মো. মামুনুল ইসলাম।

পরীক্ষার সূচি অনুযায়ী প্রথম দিন বাংলা, দ্বিতীয় দিন ইংরেজি, তৃতীয় দিন গণিত এবং শেষ দিন বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় ১০০ নম্বরের, তবে বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় দুটি বিষয় ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন করেন মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  আব্দুল হাফিজ।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দায়িত্ব পালন করছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলার ৮৪টি স্কুল অংশগ্রহণ করছে। এর মধ্যে আছে ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১২টি বেসরকারি/কিন্টারগার্টেন স্কুল।

জৈন্তা বার্তা/আরআর