সিলেট নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে একই ওয়াকওয়েতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এক ছাত্র ও এক ছাত্রীকে উত্যক্ত ও টাকা দাবির ঘটনায় পুলিশ একজনকে আটক করেছিল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর সাগরদিঘীরপাড়স্থ ওয়াকওয়েতে বসে গল্প করছিলেন অর্প রায় ও তার স্ত্রী পলি রাণী সূত্রধর। এ সময় একদল যুবক এসে তাদেরকে ঘিরে ধরে।
যুবকরা তাদের স্বামী-স্ত্রী পরিচয় অস্বীকার করে নানাভাবে হয়রানি শুরু করে। একপর্যায়ে তারা ত্রাস সৃষ্টি করে ওই দম্পতির সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করতে সক্ষম হয়। একই সঙ্গে তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামের মো. আছাদ আলীর ছেলে সাদিকুল হক সাদিক (২০), কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জয়সিন্ধি গ্রামের রসরাজ বিশ্বাসের ছেলে অর্পন বিশ্বাস (২১) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার জিরুইন গ্রামের শওকত আহমেদের ছেলে রিফাত (২২)। তাদের মধ্যে সাদিক সিলেট মহানগরীর কুমারগাঁওয়ে, অর্পন মিরবক্সটুলার আজাদী ১০৯ নম্বর বাসায় ও রিফাত তাঁতীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
এসএমপির মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী থানায় মামলা রেকর্ড করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




