নতুন বাসভাড়া নির্ধারণ, সিলেট-ঢাকা রুটে ভাড়া ৭৪০ টাকা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ AM

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব

নতুন বাসভাড়া নির্ধারণ, সিলেট-ঢাকা রুটে ভাড়া ৭৪০ টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ১১:০৩:১০ PM

নতুন বাসভাড়া নির্ধারণ,  সিলেট-ঢাকা রুটে ভাড়া ৭৪০ টাকা

সংগৃহিত


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সড়ক পরিবহনে। এরই ধারাবাহিকতায় আন্তঃজেলা ও দূরপাল্লার বাসভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৫ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।

নতুন তালিকা অনুযায়ী, সিলেট–ঢাকা (সায়েদাবাদ) রুটে চলাচলকারী ৪০ আসনের নন-এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৪০ টাকা। বর্তমানে এই রুটে যাত্রীদের কাছ থেকে ৬৭০ থেকে ৭০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন ভাড়া রোববার থেকে কার্যকর হতে পারে।

এ বিষয়ে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, কেন্দ্রীয়ভাবে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। দূরপাল্লার পাশাপাশি আন্তঃজেলা রুটের ভাড়া নিয়েও পর্যালোচনা চলছে। খুব শিগগিরই তা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

নতুন হার অনুযায়ী, ঢাকা (সায়েদাবাদ)–সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা। ঢাকা–চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৫২ টাকা এবং ৪০ আসনের বাসে ৭০৪ টাকা। ঢাকা–কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম সায়েদাবাদ–টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১,০৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১,৩৩৫ টাকা করা হয়েছে।

এছাড়া গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে দেশের উত্তরাঞ্চল ও অন্যান্য অঞ্চলের বিভিন্ন রুটেও নতুন ভাড়া কার্যকর হয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর ও কিশোরগঞ্জগামী বাসের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এতে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা করা হয়। পরে ২৩ এপ্রিল বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন হিসেবে আন্তঃজেলায় প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ