ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আফসার খানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, তারেক রহমানের এই সফর সিলেটবাসীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আগামী ২ মে’র কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ভিপি মাহবুব বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর। দীর্ঘদিন ধরে অবহেলিত সিলেট অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, মহানগরের ৪২টি ওয়ার্ড ও ৬টি জোনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে উপস্থিত থেকে ২ মে’র সকল কর্মসূচি সফল করবেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রাজ্জাক রুমেল, যুগ্ম আহ্বায়ক আবদুল হাসিম জাকারিয়া, রুনু আহমেদ, সৈয়দ আমীর উসমান হারুণ পনিরসহ নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট রেজিস্টারি মাঠ থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে একটি বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। এতে মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




