ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নবনির্বাচিত ত্রি-বার্ষিক কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বাদ এশা উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য সৈয়দ আব্দুন নূরের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে এ সমিতি এলাকায় ব্যবসা সম্প্রসারণ ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে পাথর কোয়ারি বন্ধ থাকায় বর্তমানে প্রায় ৯৫ শতাংশ পাথর আমদানিনির্ভর হয়ে পড়েছে, ফলে বিনিয়োগ বাড়লেও ব্যবসায়ীরা সংকটে রয়েছেন। এ অবস্থায় বন্ধ পাথর কোয়ারি ও বালু মহাল দ্রুত চালু করা এবং ক্রাশার মিল মালিকদের ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণের দাবি জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নতুন কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, বিদায়ী সভাপতি আবু সুফিয়ান বিলাল, শ্রীপুর পাথর কোয়ারি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে বিদায়ী সভাপতি আবু সুফিয়ান বিলাল নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আলমগীর হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং অতিথিরা বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




