দক্ষিণ সুরমায় বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৪ PM

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৯:৩৫:৫২ PM

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা

ছবি:সংগৃহীত


বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বারবার কারানির্যাতনের শিকার ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।

সিলেট জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং মোগলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সামছুল ইসলাম টিটু।

এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কাওছার আহমদ নামর, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল ও জুবায়ের আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হান্নান, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, আনহার আহমদ মারনুছ, রাসেল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের আমলে সামছুল ইসলাম টিটু একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তিনি আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থেকে দলীয় আদর্শে অবিচল ছিলেন। প্রবাস জীবনেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রচার এবং বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।”

তারা আরও বলেন, “বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার দেশে ফেরা দক্ষিণ সুরমা বিএনপি ও অঙ্গসংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সংবর্ধিত অতিথি সামছুল ইসলাম টিটু বলেন, ‘শত নির্যাতন করেও ফ্যাসিস্ট সরকার আমার আদর্শ ও মনোবল ভাঙতে পারেনি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশ আজ স্বৈরাচারমুক্ত। আমরা প্রতিশোধ নয়, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা দেখতে চাই।’

এদিকে বিকেলে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের নিজ গ্রাম মঞ্জলালে সামছুল ইসলাম টিটুর পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিশ্বের সকল মরহুম মুসলমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।

সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান কাচা মিয়া, আসাদ উদ্দিন ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুস সামাদ।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ