সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১১ PM

নাথপাড়ায় মতবিনিময় সভায় ইমদাদ চৌধুরী

সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৯:৫৩:১৭ PM

সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের অধিকার সমান। সনাতন ধর্মাবলম্বীসহ আমরা সবাই এ দেশের নাগরিক। এই দেশ সবার, এখানে কেউ কম বা বেশি নাগরিক নয়।’

সোমবার মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার ঐতিহ্যবাহী সুনীল মরিলের বাড়িতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাস করে। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর।’

তিনি অতীতের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও বাস্তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বরং তাদের শাসনামলেই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রতিটি নাগরিকের সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। যেকোনো ধরনের উগ্রবাদ কঠোরভাবে দমন করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘নিজেদের কখনো সংখ্যালঘু বা দুর্বল ভাববেন না। এই দেশ আমাদের সবার। যেকোনো সমস্যায় বিএনপি ও বর্তমান সরকার আপনাদের পাশে থাকবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অসিত বরণ দাশ, ঝন্টু বর্মন, মাছুমুর রহমান, মো. অমিনুল ইসলাম, অলক রঞ্জন পাল, বেলাল আহমেদ, রাজিব পুরকায়স্থ, সুমন চন্দ্রনাথ, মলয় পুরকায়স্থ, আল-আমিন, রায়হান উদ্দিন, মোর্শেদ আলম, লায়লা বেগম, হাবিবুর রহমান, সন্তোষ দেব, অপূর্ব কুমার দাশ, অভিজিৎ দে সুমন, চয়ন কান্তি রায়, লিটন চন্দ্র কর, মো. কায়ছার আহমদ, বিষ্ণু দেবনাথ, বিশ্বদেব নাথ, সুজন বৈশ্য, মোহাম্মদ শাহজাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ