ছবি:সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরে জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী রাজবাড়িকে যাদুঘরে রূপান্তর করা হবে। একই সঙ্গে দীর্ঘদিনের প্রত্যাশিত জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নের কার্যক্রমও এগিয়ে নেওয়া হবে।
শনিবার (৩০ মে) সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকায় পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে অচিরেই একটি আধুনিক পর্যটন সার্ভিস সেন্টার চালু করা হবে। এতে দেশি-বিদেশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আলেম-উলামা অধ্যুষিত এ অঞ্চলের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
বিদেশগামী কর্মীদের বিষয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে কম খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কিন্তু অনেকেই সঠিক তথ্য ও প্রস্তুতি ছাড়া বিদেশে যাওয়ার চেষ্টা করে প্রতারণার শিকার হন। এ সমস্যা নিরসনে বিদেশগামী কর্মীদের জন্য বিশেষায়িত একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় মন্ত্রী উপজেলা সদরের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশকে আরও কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাহির আলী কলাই, আব্দুস শুকুর, জৈন্তিয়া জনদাবি পরিষদের সভাপতি ইলিয়াস উদ্দিন লিপু, বিএনপি নেতা আমিনুল ইসলাম সুহেলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মন্ত্রী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন এবং পর্যটন খাতের উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




