শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৮ AM

আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই গণতন্ত্রকে আরও সুদৃঢ় করা সম্ভব- এমরান আহমদ চৌধুরী এমপি

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ১২:১১:০৬ AM

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, জনমুখী রাজনীতির প্রবক্তা এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্রচিন্তার সফল রূপকার। তাঁর আদর্শ, কর্মধারা ও জাতীয়তাবাদী দর্শন আজও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম প্রেরণার উৎস।

শনিবার (৩০ মে) বিকেলে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিতে শহীদ জিয়াউর রহমান ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিচল রক্ষক। আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের যে স্বপ্ন তিনি জাতির সামনে উপস্থাপন করেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার শাহাদাত জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হলেও তাঁর রাজনৈতিক আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন প্রজন্মের পর প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও জনকল্যাণমুখী নেতৃত্বের শিক্ষা দিয়ে যাবে। তাঁর আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি বলেন, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্য। নানা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মুখে তিনি শাহাদাতবরণ করেন। তাঁর আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে আরও সুদৃঢ় করা সম্ভব।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর ও ইকবাল আহমদ; উপদেষ্টা কামরুল হাসান শাহীন; যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, কোহিনুর আহমদ, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ ও জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এদিকে, শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা