শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বে ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৫৬ PM

সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির

শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বে ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৭:৫১:১১ PM

শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বে ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে সিলেট নগরীর শহীদ সুলেমান হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অত্যন্ত স্বল্প সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম ও কূটনৈতিক দক্ষতার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত ও সংকটময় পরিস্থিতি থেকে তিনি দেশকে পুনর্গঠনের পথে এগিয়ে নিয়েছিলেন।’

খন্দকার মুক্তাদির বলেন, ‘দেশকে স্বৈরাচারমুক্ত ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপিকে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় শৃঙ্খলা, পরিমিতিবোধ ও জবাবদিহিতার চর্চা প্রতিফলিত হচ্ছে।’

তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, শিগগিরই ২৫০ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ এবং সাহেবের বাজার থেকে টিলাগড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া শহরের চারপাশে লিংক রোড নির্মাণের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি এবং সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

এছাড়া মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: