আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৭ AM

সংসদে এমপি এমরানের প্রশ্নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ১১:৪৭:৫৯ PM

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ সিলেটের সব উপজেলায় বিদ্যমান বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রোববার জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (প্রথম বাজেট) অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)।

সংসদে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রশ্ন করেন, তাঁর নির্বাচনী এলাকার প্রধান বাজারগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) বিদ্যুৎ লাইন স্থাপনের কোনো পাইলট প্রকল্প গ্রহণ করা হবে কি না।

জবাবে মন্ত্রী জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এলাকায় ওভারহেড লাইনের তুলনায় ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণ ব্যয় প্রায় ১৫ গুণ বেশি। ফলে বর্তমানে সরাসরি ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের কোনো পরিকল্পনা নেই।

তবে তিনি জানান, অনুমোদন প্রক্রিয়াধীন ‘বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (সিলেট ও চট্টগ্রাম বিভাগ)’ শীর্ষক প্রকল্পের আওতায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ সিলেট জেলার সব উপজেলায় প্রয়োজন অনুযায়ী বিদ্যমান বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এদিকে একই অধিবেশনে সিলেট অঞ্চলের গ্যাস সংকট, বিশেষ করে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের সমস্যা নিয়েও প্রশ্ন তোলেন এমপি এমরান আহমদ চৌধুরী।

জবাবে মন্ত্রী বলেন, দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যমান ঘাটতির কারণে ২০১৫ সাল থেকে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে অনুমোদিত লোড অনুযায়ী গ্যাস সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও জানান, দেশীয় গ্যাস উৎপাদন ক্রমাগত কমে যাওয়ায় উচ্চমূল্যে আমদানিকৃত এলএনজির মাধ্যমে জাতীয় চাহিদা পূরণ করা হচ্ছে। ভবিষ্যতে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সিএনজি স্টেশনগুলোর বিদ্যমান গ্যাস সংকটও দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংসদে উত্থাপিত এসব প্রশ্নের জবাবে সিলেটের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা এ অঞ্চলের বাসিন্দাদের জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ