প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫২ AM

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৮:০০:১৭ PM

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

ছবি:সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর এলাকায় অবস্থিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে দীর্ঘদিন পর পুনরায় চালু হলো ‘বিরাহিমপুর টাউন সাব-পোস্ট অফিস’। মঙ্গলবার (৯ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে ডাকঘরটির নবযাত্রার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ডাকঘরের কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের পরিবারের সদস্য, ডাক বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো. আব্দুল কাদের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন পোস্ট অফিস পরিদর্শক (শহর) রুনু চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে সুজিত চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের দাদা মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী জীবদ্দশায় ডাক বিভাগের জন্য ১৬ শতক জমি দান করেছিলেন। সেই জমিতেই প্রতিষ্ঠিত হয়েছিল বিরাহিমপুর শাখা ডাকঘর। তবে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ায় ২০১৩ সালে এর কার্যক্রম পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, ২০২৪ সালে ডাকঘরটিকে টাউন সাব-পোস্ট অফিসে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের নির্দেশনা এবং চট্টগ্রাম অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল মো. আবু তালেবের সার্বিক তত্ত্বাবধানে ভবনটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে।

মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী এবং তাঁর পরিবারের অবদানের কথা স্মরণ করে ডিপিএমজি বলেন, স্থানীয় জনগণের ডাকসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। আধুনিক ও মানসম্মত ডাকসেবা প্রদানের মাধ্যমে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে ডাক বিভাগ কাজ করে যাবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লি বাবর আলী খাঁন, বিশিষ্ট সমাজসেবক আসাদ উদ্দিন, সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার লিপ্টন রঞ্জন রায় এবং মুজিবুর রহমান খান পাঠান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন স্থানীয় মসজিদের খতিব ও ইমাম মাওলানা আনোয়ার হোসেন। গীতা পাঠ করেন ডাক বিভাগের কর্মকর্তা চুমকি রানী তালুকদার।

এ সময় সিলেট প্রধান ডাকঘরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিরাহিমপুর ডাকঘরের পোস্টমাস্টার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: