এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ওয়ার্ডভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৩ PM

ওয়ার্ড সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ওয়ার্ডভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৯:২৩:১৭ PM

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ওয়ার্ডভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ

ছবি:সংগৃহীত


বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে এখন থেকেই সমন্বিত ও কার্যকর প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার বিকেলে নগরভবনের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে সিলেট মহানগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের সচিবরা অংশ নেন।

সিসিক প্রশাসক বলেন, গত বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল। এবারও আগাম প্রস্তুতি, জনসম্পৃক্ততা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে রোগটির বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের জনবল সীমিত হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ড সচিবদের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ। প্রতিটি ওয়ার্ডে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নিতে হবে এবং জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, মসজিদের ইমাম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন ক্লাব এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। জুমার নামাজের আগে মুসল্লিদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে অবহিত করতে ইমামদের সহযোগিতা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মহানগরীর বন্দরবাজার, জিন্দাবাজারসহ জনবহুল এলাকায় লিফলেট বিতরণ, মাইকিং ও সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হবে। পাশাপাশি গণমাধ্যমে প্রচার-প্রচারণা বাড়ানো গেলে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।

সিসিক প্রশাসক বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মশকনিধন কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ওষুধ প্রয়োগ ও স্প্রে কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় বাজেট বৃদ্ধির বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

ওয়ার্ড সচিবদের উদ্দেশে তিনি বলেন, নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে দায়িত্বশীল ভূমিকা রাখায় ওয়ার্ড সচিবদের ধন্যবাদ জানান তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন। সভায় ৪২টি ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: