ছবি নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে একটি গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২১ জুন) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের বিষ্ণু সরকার (৪০), একই উপজেলার মীরনগর গ্রামের আল আমিন (৩০) এবং বানিয়াচং উপজেলার রাধাচরণ দাস (৬৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, যাত্রীবাহী অটোরিকশাটি মাধবপুর থেকে ছেড়ে নারায়ণপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি জিপ গাড়ি এটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায় এবং তিন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় রেফার করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, জিপ গাড়িটি শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
জৈন্তাবার্তা/আরআর




