চাঁ*দা না দেওয়ায় প্রবাসীর বাড়ির সরকারি রাস্তা ব*ন্ধের চেষ্টা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৬ AM

সংবাদ সম্মেলনে অ*ভিযোগ

চাঁ*দা না দেওয়ায় প্রবাসীর বাড়ির সরকারি রাস্তা ব*ন্ধের চেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৯:৩১:০১ PM

চাঁ*দা না দেওয়ায় প্রবাসীর বাড়ির সরকারি রাস্তা ব*ন্ধের চেষ্টা

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লায় প্রবাসী পরিবারের বাড়িতে যাতায়াতের সরকারি রাস্তা দখল, চাঁদা দাবি, আদালতের আদেশ অমান্য, মিথ্যা অভিযোগে হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা হুমায়ুন বখতের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রবাসী পরিবারের সদস্য ফাতেমা জান্নাত বাবলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর দুই ভাই-যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া এবং কানাডাপ্রবাসী সাংবাদিক ফারুক ইবনে আম্বিয়া আলমগীর-প্রবাসে উপার্জিত অর্থে নগরীর পশ্চিম পীরমহল্লায় তিনতলা একটি বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণের পর থেকেই প্রতিবেশী হুমায়ুন বখত, তাঁর স্ত্রী নাসিমা বেগম ও মেয়ে নাজিফা বিভিন্নভাবে তাদের পরিবারকে হয়রানি করে আসছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রথমে ১০ লাখ টাকা এবং পরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি করা অর্থ না দেওয়ায় বাড়ির প্রবেশপথে ভাঙা ইট, গৃহস্থালির আবর্জনা ও শিশুর মলমূত্র ফেলে চলাচলে বাধা সৃষ্টি করা হয়। সম্প্রতি ইটের দেয়াল নির্মাণ করে প্রবেশপথ বন্ধেরও চেষ্টা করা হয়েছে। ফলে বর্তমানে দেয়াল টপকে বাড়িতে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ফাতেমা জান্নাত বাবলী বলেন, বিরোধপূর্ণ পথটি সিলেট সিটি করপোরেশনের গেজেটভুক্ত সরকারি রাস্তা এবং দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এটি ব্যবহার করে আসছেন। গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, নির্মাণসামগ্রী পরিবহন এবং সিটি করপোরেশনের বর্জ্য অপসারণও এই পথ দিয়েই হয়ে থাকে। তবে অভিযুক্ত ব্যক্তি রাস্তা নিজের দাবি করে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বর্জ্যবাহী যানবাহন চলাচলেও বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১০ ফেব্রুয়ারি তাঁর বাবার মৃত্যুর পর মরদেহ দেখতে আসা আত্মীয়-স্বজনদেরও ওই রাস্তা দিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। সে সময় রাস্তার ওপর ইট ও আবর্জনা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দেয়াল নির্মাণের চেষ্টা করা হয়। এতে বাধা দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, আদালত থেকে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় স্থিতাবস্থা বজায় রাখার আদেশ নেওয়া হলেও তা অমান্য করে রাস্তা বন্ধের চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সাধারণ ডায়েরি করে পুলিশি হয়রানিরও অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ১ জুলাই বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলে রাখাকে কেন্দ্র করে হুমায়ুন বখত, তাঁর স্ত্রী, মেয়ে ও স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা, গালিগালাজ, ইট-পাটকেল নিক্ষেপ এবং হত্যার হুমকি দেন। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে এবং সেই ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে বলে দাবি করেন ফাতেমা জান্নাত বাবলী। তদন্তে পুলিশ গেলে অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়।

তিনি জানান, অবৈধ স্থাপনা নির্মাণ, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির অভিযোগে এয়ারপোর্ট থানা ও আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ফাতেমা জান্নাত বাবলী তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত, সরকারি রাস্তা অবমুক্ত রাখা, আদালতের আদেশ বাস্তবায়ন এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ