‘স্বপ্ন দেখো, সাহস রাখো, সফল হও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহস, সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মো. জাহিদ আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুমনা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক রেখা রানী কর্মকার।
এ সময় বক্তব্য দেন গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আসিম চক্রবর্তী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, শিক্ষক মনজুর আহমদ, অভিভাবক দেলোয়ার হোসেন মাসুক, শিক্ষার্থী মারুফা হোসেন ইমু, জাসমিতা আফরিন ও ফাউজিয়া ফেরদৌস মিম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, নারী শিক্ষার প্রসারে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সাহস, সততা ও নিষ্ঠাকে পুঁজি করে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্যের এই ধারা অব্যাহত রেখে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।
পরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়।
জৈন্তাবার্তা/আরআর




