শিক্ষামন্ত্রীর প*দত্যাগ দাবিতে সিলেটের রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

শিক্ষামন্ত্রীর প*দত্যাগ দাবিতে সিলেটের রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ১০:২৩:৪৮ PM

শিক্ষামন্ত্রীর প*দত্যাগ দাবিতে সিলেটের  রাজপথে  এইচএসসি পরীক্ষার্থীরা

ছবি:সংগৃহীত


শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা পুনরায় গ্রহণের দাবিতে আবারও সিলেটের রাজপথে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে তারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলে প্রায় এক ঘণ্টা। এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক-পদত্যাগ, পদত্যাগ’ স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। কর্মসূচির কারণে চৌহাট্টা এলাকায় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি থাকলেও তা সংশোধনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একজন শিক্ষার্থী বলেন, ‘আমেরিকান স্ট্যান্ডার্ডের শিক্ষা ব্যবস্থার কথা বলা হলেও প্রশ্নপত্রেই ভুল রয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।’

আরেক শিক্ষার্থী বলেন, দেশের বিভিন্ন অঞ্চল বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত থাকায় অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন। অনেকেই নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এ কারণে পরীক্ষা স্থগিত করে নতুন তারিখে পুনরায় গ্রহণের দাবি জানান তারা।

অন্য এক শিক্ষার্থী বলেন, ‘যারা সঠিকভাবে প্রশ্নপত্র তৈরি করতে পারেন না, তারা শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন কীভাবে? আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন চাই।’

শিক্ষার্থীদের অভিযোগ, তারা আগেই পরীক্ষা স্থগিতের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। এ কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট পরীক্ষা পুনরায় গ্রহণ এবং শিক্ষা ব্যবস্থাপনার ত্রুটির দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।

বিকেল ৫টার দিকে কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

উল্লেখ্য, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় তারা বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ