ছবি:সংগৃহীত
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষের ফলে সমাজ এগিয়ে গেলেও এর নেতিবাচক প্রভাব থেকে সন্তানদের রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ। ইন্টারনেট ও স্মার্টফোনের সহজলভ্যতার কারণে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ও ক্ষতিকর বিষয় শিশু-কিশোরদের নাগালে চলে এসেছে। কোমলমতি হওয়ায় তারা অনেক সময় সঠিক-ভুলের পার্থক্য বুঝতে পারে না এবং নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘সন্তানকে সুপথে রাখতে অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা ও ভালো কাজে তাদের উৎসাহিত করতে হবে। সচেতন পরিবারই একটি নৈতিক ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম গঠনের ভিত্তি।’
রোববার (২৬ জুলাই) দুপুরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াবরা সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ‘শিক্ষার মানউন্নয়ন ও নৈতিকতাসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে সচেতন অভিভাবকই প্রধান শক্তি’ শীর্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মাহফুজুল কবির, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওলি চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং সিলেট মহানগর জাসাস নেতা শাহজাহান আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোহাম্মদ, মারজানুল উলুম খাড়াবরা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা জামাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান শাব্বির আহমদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কয়ছর আহমদ, তরুণ সমাজসেবী ফুরকান আহমদ, কেএসপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, নুরুল কিবরিয়া, নুরুল আমিন, সাব্বির আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ এবং সহসাধারণ সম্পাদক মতিউর রহমান সানুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশের শুরুতে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার শীলা মানপত্র পাঠ করেন।
অনুষ্ঠান শেষে এমপি এমরান আহমদ চৌধুরী খাড়াবরা কওমি মাদরাসা পরিদর্শন করেন এবং স্থানীয় মাইয়াখালী পয়েন্ট ও জিরো পয়েন্টে চলমান উন্নয়নকাজের অগ্রগতি ঘুরে দেখেন। পরে তিনি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মরহুম আম্বিয়া চৌধুরীর কবর জিয়ারত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




