মাধবপুরে প্রধান শিক্ষকের বি/রুদ্ধে অর্থ আ/ত্মসাৎ ও অ/নিয়মের অ/ভিযোগ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ AM

মাধবপুরে প্রধান শিক্ষকের বি/রুদ্ধে অর্থ আ/ত্মসাৎ ও অ/নিয়মের অ/ভিযোগ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১০:২২:২৭ PM

মাধবপুরে প্রধান শিক্ষকের বি/রুদ্ধে অর্থ আ/ত্মসাৎ ও অ/নিয়মের অ/ভিযোগ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিভাবক।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দাখিল করা অভিযোগপত্রে অভিভাবকরা দাবি করেন, ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের একটি অংশ বিদ্যালয়ের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। একই সঙ্গে ওই সময়ের সব আর্থিক লেনদেনের বিশেষ অডিটেরও দাবি জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০২৬ সালের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফি এবং শিক্ষার্থীদের মাসিক বেতন অনলাইনে জমা দেওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে নগদ অর্থ প্রদান করা হলেও পরে শিক্ষার্থীদের তথ্য যাচাই করে দেখা যায়, ওই অর্থ বকেয়া হিসেবে প্রদর্শিত হচ্ছে। অভিযোগকারীদের ভাষ্য, আদায়কৃত অর্থ যথাযথভাবে জমা না দেওয়ার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষা বোর্ড নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অতিরিক্ত আদায়কৃত অর্থ প্রতিষ্ঠানের হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত শিক্ষার্থীদের প্রশংসাপত্র (টেস্টিমোনিয়াল) প্রদানের নামে আদায় করা আনুমানিক আড়াই থেকে তিন লাখ টাকা প্রতিষ্ঠানের হিসাবভুক্ত করা হয়নি। পাশাপাশি বিভিন্ন দোকান থেকে ফাঁকা ভাউচার সংগ্রহ করে পরবর্তীতে তাতে অর্থের পরিমাণ বসিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রতিষ্ঠানের অর্থ উত্তোলনের অভিযোগও আনা হয়েছে।

অভিযোগকারীরা ১ জানুয়ারি ২০১৪ থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বিদ্যালয়ের সব আর্থিক লেনদেনের বিশেষ অডিট, নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগপত্রে অভিভাবকদের পক্ষে মো. ইলিয়াছ মিয়া ও মো. আব্দুর রহমান স্বাক্ষর করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

অভিযোগপত্রের অনুলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক), হবিগঞ্জ জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা, সিলেট অঞ্চলের উপ-পরিচালকের কাছেও পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ