ছবি:সংগৃহীত
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহর এলাকার একটি অভিজাত হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় কর্মশালার সমাপনী অনুষ্ঠান।
দিনব্যাপী কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ ইসলাম অ্যাডভোকেট।
সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেটের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক (১) আয়কর আইনজীবী মো. খায়রুল আলমের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. আবুল ফজল অ্যাডভোকেট, সমিতির সাবেক সহসভাপতি ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সালেহ উদ্দিন আহমদ, সাবেক সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর এবং কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ স ম মুবিনুল হক শাহিন। শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আয়কর আইনজীবী ইকবাল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট রত্না সাহা, অ্যাডভোকেট ফাহমিদা সুলতানা স্বর্ণা, আয়কর আইনজীবী মোহাম্মদ মাকসুদ আলম ও অ্যাডভোকেট সুনীল কুমার রায়।
সভাপতির বক্তব্যে সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট বলেন, আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে অনলাইনভিত্তিক রিটার্ন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করদাতাদের পাশাপাশি কর আইনজীবীদেরও এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করা প্রয়োজন।
তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে কর ব্যবস্থাপনাকেও ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ফলে করদাতারা ঘরে বসেই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এতে সময় ও শ্রম কমার পাশাপাশি কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।
তিনি আরও বলেন, অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতাদের সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। একই সঙ্গে কর আইনজীবীদের আধুনিক করব্যবস্থা ও অনলাইন রিটার্ন দাখিলের নিয়ম-কানুন সম্পর্কে হালনাগাদ জ্ঞান থাকা প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় অনলাইন আয়কর রিটার্ন দাখিলের আধুনিক ও সহজতর পদ্ধতি, ডিজিটাল ট্যাক্স রিটার্ন প্রক্রিয়ার বিভিন্ন দিক এবং সংশ্লিষ্ট আইনি বিষয় নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। এতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য ও আইনজীবী অংশগ্রহণ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




