ছবি:সংগৃহীত
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, জনগণের সুদীর্ঘ সংগ্রাম ও প্রত্যাশার ভিত্তিতে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যুবদলের দায়িত্ব ও দায়বদ্ধতাও বহুগুণ বেড়েছে। সুশাসন প্রতিষ্ঠা, যুবসমাজকে স্বাবলম্বী করা এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ক্ষমতার দাপট নয়; বরং সততা, আদর্শ ও জনগণের পাশে থাকার মাধ্যমেই জাতীয়তাবাদী যুবদলের গৌরব অক্ষুণ্ন রাখতে হবে। সিলেটের রাজপথ সবসময়ই জাতীয়তাবাদী শক্তির অন্যতম দুর্গ। অতীতের আন্দোলনের মতো দেশ গড়ার নতুন লড়াইয়েও সিলেট জেলা ও মহানগর যুবদলকে উদাহরণ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় পর্যন্ত যুবদলকে একটি শৃঙ্খলাবদ্ধ, সুসংগঠিত ও আধুনিক শক্তিতে রূপান্তর করতে কার্যক্রম অব্যাহত থাকবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সিলেট জেলা ও মহানগর যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাকির হোসেন উজ্জল। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন।
সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহসভাপতি মকসুদুল করিম নুহেল, জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজান আলী।
প্রধান বক্তার বক্তব্যে জাকির হোসেন উজ্জল বলেন, যুবদল কোনো ক্ষমতার দাপট দেখানোর প্ল্যাটফর্ম নয়; এটি দেশপ্রেম ও ত্যাগের প্রতীক। রাজপথের আন্দোলনের মতো দেশ গড়ার নতুন লড়াইয়েও যুবদলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে তৃণমূল পর্যায় পর্যন্ত যুবদলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
তিনি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মকসুদ আহমদ বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। দেশের স্বার্থে কোনো আপস করা হবে না। সিলেট মহানগর ও জেলার প্রতিটি ইউনিট পুনর্গঠনের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী যুবদল গড়ে তোলা হবে, যা রাজপথে থেকে দেশের জন্য কাজ করবে।
তিনি বলেন, ধার্মিক, নৈতিক ও ঈমানি শক্তিতে বলীয়ান কর্মীদের খুঁজে বের করে আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলা হবে। মহান আল্লাহর আদেশ-নিষেধ মেনে এবং নিয়মিত নামাজ আদায় করে পার্থিব পরীক্ষায় সফল হওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সবশেষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




