সংগৃহীত
‘তমসার ছায়া যাক চির অবসানে, মুখর হোক মানবাত্মা প্রতীতির গানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হতে যাচ্ছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’ শীর্ষক দিক থিয়েটারের অষ্টম জাতীয় নাট্যোৎসব-২০২৬। আগামী ২৭ থেকে ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবের আয়োজনের পাশাপাশি মানবিক উদ্যোগও নিয়েছে দিক থিয়েটার। উৎসবে নাটকের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় ব্যয় করা হবে। উভয় কিডনি বিকল হয়ে বর্তমানে গুরুতর শারীরিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।আয়োজকেরা জানান, তিন দিনের এ উৎসবে মোট তিনটি নাট্যদল অংশ নেবে। স্বাগতিক দল হিসেবে থাকবে দিক থিয়েটার। দেশের দুটি নাট্যদল স্পর্ধা ও মনিপুরী থিয়েটারও উৎসবে অংশ নেবে। এর মধ্য দিয়ে শাবিপ্রবির মঞ্চে দেশের বিভিন্ন ধারার নাট্যচর্চার একটি মিলনক্ষেত্র তৈরি হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
উৎসবের উদ্বোধনী দিনে দিক থিয়েটারের ৩৪তম প্রযোজনা এবং তৃতীয় মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’-এর প্রথম মঞ্চায়ন হবে। নাটকটির রচনা ও নির্মাণ করেছেন দ্বৈপায়ন দাশ অনন্য।আয়োজকদের ভাষ্য, ‘অদ্যপুরাণ’ কোনো নির্দিষ্ট সময় বা ঘটনার সরাসরি গল্প নয়। রূপকের আশ্রয়ে নাটকটিতে বর্তমান বিশ্বব্যবস্থা ও সম্ভাব্য ভবিষ্যৎকে প্রশ্নের মুখোমুখি করা হয়েছে। ক্ষমতার কাঠামো, মানুষের অবস্থান, চারপাশের বাস্তবতা এবং ভবিষ্যৎ নিয়ে সামনে আসা নানা প্রশ্নকে নাট্যভাষায় অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে।দিক থিয়েটার জানায়, ‘মাউকে সামোর আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ স্লোগানকে ধারণ করে ১৯৯৯ সালের ১৮ আগস্ট থেকে শাবিপ্রবিতে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। দীর্ঘ পথচলায় ইতিমধ্যে দুটি মৌলিক প্রযোজনাসহ মোট ৩৩টি প্রযোজনা মঞ্চস্থ করেছে তারা। এবার ৩৪তম প্রযোজনা হিসেবে ‘অদ্যপুরাণ’ মঞ্চে আনছে সংগঠনটি।এবারের উৎসবটি দিক থিয়েটারের ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হচ্ছে। আয়োজকেরা বলেন, দীর্ঘ পথচলায় যাঁরা বিভিন্ন সময়ে সংগঠনটির পাশে ছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অর্ঘ্য হিসেবেই উৎসবের নাম রাখা হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’।
উৎসবের অন্যতম বিশেষ আয়োজন হচ্ছে চ্যারিটি উদ্যোগ। লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলম বর্তমানে উভয় কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় সহায়তার জন্য উৎসবের নাট্যপ্রদর্শনীর টিকিট বিক্রির পুরো অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।দিক থিয়েটারের পক্ষ থেকে বলা হয়, শিল্প ও সংস্কৃতির কাজ শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। সংকট, অন্ধকার, বিভাজন ও অনিশ্চয়তার সময়ে মানুষের চিন্তাকে জাগ্রত করা, প্রশ্ন করতে শেখানো এবং মানবিকতার জায়গাকে শক্তিশালী করাও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই ভাবনা থেকেই এবারের উৎসবের সঙ্গে মানবিক উদ্যোগ যুক্ত করা হয়েছে।
আয়োজক কমিটি জানায়, উৎসবের টিকিটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে স্পর্ধা নাট্যদলের মঞ্চনাটক সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যায় নাটক মঞ্চস্থ হবে।আগামী ২৭, ২৮ ও ২৯ আগস্ট শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’ শীর্ষক দিক ৮ম জাতীয় নাট্যোৎসব-২০২৬। একই সঙ্গে ২৭ আগস্ট উৎসবের উদ্বোধনী আয়োজনে মঞ্চস্থ হবে দিক থিয়েটারের নতুন মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’।
জৈন্তাবার্তা/ সুলতানা




