ছবি:সংগৃহীত
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত অর্থের অনিয়ম ও ‘ভাগ-বাটোয়ারা’ বন্ধ এবং একতরফাভাবে গঠিত কমিটি বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফ সিলেটবাসীসহ মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার স্থান। ভক্ত ও সাধারণ মানুষের দান করা অর্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের সুযোগ নেই।
তাদের অভিযোগ, একটি মহল অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মাজারের দান করা অর্থের ভাগ-বাটোয়ারা করছে। একই সঙ্গে একতরফাভাবে কমিটি গঠনের মাধ্যমে মাজারের ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে বলেও দাবি করেন বক্তারা।
সমাবেশ থেকে মাজারের দানকৃত অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি একতরফাভাবে গঠিত কমিটি বাতিলের দাবি জানানো হয়। বক্তারা বলেন, এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
‘একতাবদ্ধ সিলেটবাসী’র প্রতিষ্ঠাতা সদস্য ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এবং একতাবদ্ধ সিলেটবাসীর প্রতিষ্ঠাতা সদস্য মইনুল ইসলাম আশরাফী।
সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন একতাবদ্ধ সিলেটবাসীর প্রতিষ্ঠাতা সদস্য মো. এহছানুল হক তাহের, এম এ রহিম, আলহাজ্ব মোক্তার আহমদ তালুকদার, টিপু চৌধুরী, হুমায়ুন রশীদ চৌধুরী, রুবেল আহমদ, এম এ রবিউল, মো. তোফায়েল আহমদ, আশরাফুল ইসলাম, জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান, জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম বকুল, জুলাই যোদ্ধা হাবিবুর রহমান হাবিব, ইমতিয়াজ রহমান ইনু, মাওলানা শফিকুর রহমান, মো. কামাল মিয়া, মীর মোহাম্মদ নাজিম উদ্দিন, ইমরান হোসাইন, মো. জামিল আহমদ লিটন, হাজী মো. আশরাফ আলী, শিপলু আহমদ, মনোয়ার হোসাইন, এসএ আলী জালালাবাদী, মো. জয়নাল আবেদীন, মো. মুজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান, এম খাইরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বক্তারা মাজারের দানকৃত অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




