পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ PM

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ১০:২০:২৮ PM

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা

ছবি:সংগৃহীত


পঞ্চগড়ের বিরাজোত সীমান্ত এলাকা থেকে তমিজ উদ্দিন (৭৮) নামের এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে নিয়ে গেছে-এমন অভিযোগ করেছে তাঁর পরিবার। এর প্রতিবাদে একই সীমান্ত এলাকা থেকে দীপঙ্কর গোপ (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করে গ্রামে নিয়ে এসেছেন স্থানীয় লোকজন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকায় ৭৪২ নম্বর মেইন পিলারের ১২ নম্বর সাব-পিলারের কাছ থেকে দীপঙ্করকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, তিনি সীমান্তসংলগ্ন বাংলাদেশি এক কৃষকের আখখেতে আখ খেতে এসেছিলেন।

এর আগে গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিরাজোত সীমান্ত এলাকায় নিজেদের দলছুট একটি গরু খুঁজতে গিয়ে তমিজ উদ্দিনকে বিএসএফ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করে তাঁর পরিবার।

এ ঘটনায় শনিবার বিকেলে মাগুরমারী সীমান্তে বিজিবির মাগুরমারী বিওপি ও বিএসএফের চাউলহাটি ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমাধান হয়নি।

তমিজ উদ্দিন সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা। অন্যদিকে স্থানীয়দের হাতে আটক দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ির চাউলহাটি-তসরপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। তিনি একটি চা-বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

গরু খুঁজতে গিয়ে বিএসএফের হাতে আটক

স্থানীয় লোকজন ও বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার সকালে তমিজ উদ্দিন গরু নিয়ে সীমান্তসংলগ্ন এলাকায় ঘাস খাওয়াতে যান। এ সময় একটি গরু সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে চলে যায়। গরুটিকে ফিরিয়ে আনতে পিছু নিয়ে তমিজ উদ্দিনও ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। তখন বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান বলে পরিবারের অভিযোগ।

তমিজ উদ্দিনের পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর তাঁরা বিজিবির অমরখানা বিওপিতে বিষয়টি জানান। তিন দিন পেরিয়ে গেলেও তমিজ উদ্দিনকে ফেরত আনা সম্ভব হয়নি।

তমিজ উদ্দিনের ছেলে আজাহার আলী বলেন, তাঁর বাবা বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল। গরু ভারতের দিকে চলে যাওয়ায় সেটি ফিরিয়ে আনতে গেলে বিএসএফ তাঁকে আটক করে নিয়ে যায়। তাঁর দাবি, বাবা ফিরে এলে স্থানীয়রা আটক ভারতীয় নাগরিককেও ফেরত দিতে রাজি।

আখখেতে ভারতীয় নাগরিক আটক

শনিবার সকালে বিরাজোত সীমান্তসংলগ্ন এলাকায় স্থানীয় কৃষক ফয়জুল ইসলামের আখখেতে আখ খাওয়ার সময় দীপঙ্কর গোপকে স্থানীয় লোকজন আটক করে গ্রামে নিয়ে আসেন। পরে বিষয়টি বিজিবির অমরখানা বিওপিতে জানানো হয়।

খবর পেয়ে বিজিবি ও পঞ্চগড় সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। শনিবার রাত পর্যন্ত দীপঙ্করকে বিরাজোত এলাকায় রাখা হয়। সেখানে স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশ ও বিজিবির সদস্যরাও অবস্থান করছিলেন।

স্থানীয়দের দাবি, তমিজ উদ্দিনকে ফেরত না দেওয়া পর্যন্ত তাঁরা দীপঙ্করকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করবেন না।

বিজিবির বক্তব্য

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশি কোনো ব্যক্তিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়ে স্থানীয় লোকজন আগে বিজিবিকে অবহিত করেননি। তবে শনিবার সকালে বাংলাদেশি একটি আখখেতে আখ খাওয়ার সময় স্থানীয় লোকজন ভারতের এক নাগরিককে আটক করার বিষয়টি বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে জানানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশি নাগরিককে আটকের বিষয়ে বিএসএফের কাছে জানতে চাওয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে, তারা একজনকে আটক করেছে এবং ওই ব্যক্তি চোরাকারবারিদের সঙ্গে জড়িত বলে তাদের দাবি। পরে তাঁকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিএসএফ জানিয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয়দের আটক করা ভারতীয় নাগরিকের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ